১৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার একাধিক এলাকায়

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ণ
১৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার একাধিক এলাকায়
গ্যাস না থাকায় জ্বলছে না চুলা-এআই নির্মিত ছবি

নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী রোববার (১৭ মে) রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকা জেলার সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। শনিবার (১৬ মে) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আগামী রোববার (১৭ মে) রাত ১১টা থেকে শুরু হয়ে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়াপুর, হেমায়েতপুর, সাভার চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, উল্লিখিত এলাকাগুলো ছাড়াও এর আশপাশের এলাকাগুলোতে এই সময়ে গ্যাসের স্বল্পচাপ (লো প্রেসার) বিরাজ করতে পারে। উন্নয়নমূলক কাজের স্বার্থে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই ১৮ ঘণ্টা রান্নাবান্নাসহ অন্যান্য বাণিজ্যিক কাজের বিকল্প ব্যবস্থা রাখার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন