নীলাচল পরিবহনের ৭ বাস আটকে রেখেছে ইডেনের ছাত্রীরা
নিজস্ব প্রতিবেদক: হাফ ভাড়া দেওয়ার জেরে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ‘অপমান’ করার প্রতিবাদে নীলাচল পরিবহনের সাতটি বাস আটকে রেখেছেন কলেজটির ছাত্রীরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ইডেন কলেজের সামনের সড়ক দিয়ে চলাচলকারী এসব বাস আটকে দেন তাঁরা।
শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার ইডেন কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রী কলেজের সামনে থেকে নীলাচল পরিবহনের একটি বাসে চড়ে সাভারে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি হাফ ভাড়া দিলে বাসের হেলপারের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই হেলপার শিক্ষার্থীকে গাবতলী এলাকায় বাস থেকে নেমে যেতে বলেন এবং হাফ ভাড়া দেওয়ার কারণে তাঁকে কটূক্তি ও অপমান করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি কলেজ প্রশাসনকে অবহিত করলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে সরেজমিনে ইডেন কলেজের সামনে গিয়ে দেখা যায়, নীলাচল পরিবহনের বাসগুলো সড়কের এক পাশে আটকে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কলেজের শিক্ষক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে।
এআইএল/সকালবেলা