ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৯
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন নাশকতামূলক সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৭৩ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ২৬ জন, রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ১৯ জন এবং গুলশান বিভাগে ১৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজন এবং এসআরইউ বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে চারটি অবিস্ফোরিত ককটেল ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা এবং একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ও অন্যান্য আলামত হিসেবে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।