কুষ্টিয়ায় ককটেল সদৃশ্য বিস্ফোরণে আহত ২
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ককটেল সদৃশ্য বোমা বিস্ফোরণে সুমন (৪০) ও রুহুল আমিন (৪০) নামের দুজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ৩টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে সুমন (টোকাই সুমন নামে পরিচিত) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সুমন একটি বস্তায় করে ভাঙারি বিক্রির উদ্দেশ্যে রুহুলের দোকানে আসেন। বস্তাভর্তি ভাঙারি লোহার স্কেল মেশিনে ওজন করার পর বস্তা উঁচু করে সব ভাঙারি নিচে ঢালতেই বস্তা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য বস্তুটি নিচে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আঘাতে ভাঙারি দোকানি রুহুল ও সুমন দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ঘটনাটি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা