মাদারীপুরে অবৈধ ইটভাটায় ফসলি জমি ও পরিবেশ ধ্বংস

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ
মাদারীপুরে অবৈধ ইটভাটায় ফসলি জমি ও পরিবেশ ধ্বংস

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলাজুড়ে ফসলি জমি ও পরিবেশ ধ্বংস করে অবাধে চলছে ইটভাটার কারবার। জেলায় সক্রিয় ৬১টি ইটভাটার একটিরও বৈধ সরকারি লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। অভিযোগ উঠেছে, আইন অমান্য করে এসব অবৈধ ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে। এর ফলে একদিকে যেমন উজাড় হচ্ছে বনজ ও ফলজ গাছপালা, অন্যদিকে কালো ধোঁয়ায় ভারী হয়ে উঠছে বাতাস। পাশাপাশি ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগে চরম ক্ষুব্ধ স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার প্রায় প্রতিটি উপজেলাতেই অবৈধ ইটভাটার বিস্তার ঘটেছে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলাতেই রয়েছে ৩৭টি ইটভাটা, যার মধ্যে শুধু পাঁচখোলা ইউনিয়নেই অবস্থান করছে ২৫টি ভাটা। এ ছাড়া শিবচর উপজেলায় ১৫টি, কালকিনিতে ৮টি এবং ডাসার উপজেলায় একটি ইটভাটা রয়েছে। স্থানীয়দের দাবি, জেলার অন্য এলাকার তুলনায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ও উদ্বেগজনক রূপ নিয়েছে।

সরেজমিনে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি জমির মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল সব চিমনি। অনেক ভাটার পাশেই বসানো হয়েছে কাঠ কাটার করাতকল। অভিযোগ রয়েছে, স্থানীয় বাগান ও বিভিন্ন উৎস থেকে বনজ ও ফলজ গাছ কেটে এনে সরাসরি ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। প্রচলিত আইন অনুযায়ী ইটভাটায় কয়লা ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে নির্গত ঘন কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

ভাটার আগ্রাসনে সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছে স্থানীয় কৃষকদের। ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দা আব্দুর রব ব্যাপারী বলেন, ‘ইটভাটার কারণে আমাদের এলাকার পরিবেশ আজ ধ্বংসের মুখে। কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে থাকে। ভাটার মালিকরা জোরপূর্বক আমাদের ফসলি জমি কেটে নিচ্ছেন। সারাদিন মাটিবাহী ট্রাক্টর ও ড্রামট্রাক চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে গেছে; চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’

নিরাপত্তার শঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কৃষক জানান, ‘ইটভাটার মালিকরা এলাকার খুবই প্রভাবশালী। তাঁদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না; প্রতিবাদ করলে এলাকায় থাকা যায় না। তাঁরা পুকুরের মতো গভীর করে ফসলি জমি কাটেন। এতে পাশের কৃষকদের উর্বর জমিও ভেঙে ধসে পড়ে। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে তাঁদের কাছে জমি বিক্রি করতে হয়। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।’

অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে মাদারীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, ‘জেলায় পরিচালিত ইটভাটাগুলোর কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত বা অভিযান পরিচালনা করতে গেলে ভাটার মালিকরা নানাভাবে বাধা সৃষ্টি করেন। তবু জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ থাকবে।’

এআইএল/সকালবেলা