কোটচাঁদপুরে ফুলকপি চাষে বিপাকে তিন বন্ধু

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
কোটচাঁদপুরে ফুলকপি চাষে বিপাকে তিন বন্ধু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ফুলকপি চাষ করে চরম বিপাকে পড়েছেন তিন বন্ধু। এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছিলেন হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল ইসলাম। বাজারে ব্যাপকভাবে দাম কমে যাওয়ায় ফসল জমিতেই কেটে ফেলে রাখতে হচ্ছে তাঁদের। গ্রামবাসী সেই ফুলকপি গবাদিপশুর খাদ্য হিসেবে নিয়ে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দয়ারামপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। উপজেলার সব ইউনিয়নেই ফুলকপির চাষ হয়, তবে সবচেয়ে বেশি আবাদ হয় দোড়া ইউনিয়নে। চলতি বছর উপজেলায় ১০৯ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে।

এর মধ্যে দয়ারামপুর গ্রামের তিন বন্ধু এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির চাষ করেন। কিন্তু ফলন ভালো হলেও বাজারে দাম না থাকায় বিপাকে পড়েছেন তাঁরা। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র কয়েক টাকায়। এতে উৎপাদন খরচের তুলনায় আয় অনেক কম হওয়ায় ফসল তোলার শ্রমিকের মজুরিও উঠছে না।

দয়ারামপুর গ্রামের অলিয়ার রহমান বলেন, অনেক কষ্ট করে তিন বন্ধু ফুলকপির চাষ করেছিলেন; এখন দাম না পাওয়ায় জমিতেই কেটে ফেলে রাখতে হচ্ছে।

তিন বন্ধু হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল ইসলাম জানান, প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। সব মিলিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে তাঁদের ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। ফলনও ভালো হয়েছিল; কিন্তু বাজারে প্রতি কেজি ফুলকপির দাম মিলছে মাত্র দুই থেকে তিন টাকা। এই দামে বিক্রি করলে বিঘাপ্রতি আয় হবে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা, যা দিয়ে ফসল কাটার শ্রমিকের মজুরিও দেওয়া সম্ভব নয়।

তাঁরা আরও জানান, দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন তাঁরা।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন বলেন, চলতি বছর উপজেলায় ১০৯ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে। মৌসুমের শুরুতে যেসব কৃষক বাজারে ফুলকপি তুলতে পেরেছেন, তাঁরা ভালো দাম পেয়েছেন; তবে বর্তমানে শীতকালীন ফুলকপি বাজারে আসায় সরবরাহ বেড়েছে। এ কারণে কৃষকেরা এখন তুলনামূলক কম দাম পাচ্ছেন।

এআইএল/সকালবেলা