জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থেকে নিখোঁজের পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার একটি ধানক্ষেত থেকে রাব্বি হাসান (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় ভ্যানচালক ওই কিশোরের গলা ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ক্ষেতলাল উপজেলার নশিরপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বির বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরবাজার মহল্লায়; তিনি ওই এলাকার খলিল প্রামাণিক ওরফে সাদ্দামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার জামুর বাজার এলাকা থেকে নিখোঁজ হয় রাব্বি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ২০ নভেম্বর তার বাবা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে গিয়ে একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা