পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল এবার ৫১ বস্তা টাকা
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এবার দানবাক্সে জমা পড়া অর্থের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দান করা টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য সামগ্রী গণনা শেষে মোট দানের পরিমাণ জানা যাবে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দানবাক্স থেকে বের করা টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়; সেখানেই চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন মসজিদ-মাদ্রাসার ৯০ জন ছাত্র, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে গঠিত ৭ সদস্যের দানবাক্স খোলা উপকমিটি পুরো কার্যক্রম তদারকি করছে। এ ছাড়া সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ, এসআরবি ও ব্যাটেলিয়ান আনসারের সদস্যরা।
এর আগে সর্বশেষ গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। সে সময় ৪৩ বস্তা টাকা পাওয়া যায় এবং দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী পাওয়া যায়, যা আগের সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও দানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় সম্প্রতি আরও দুটি নতুন দানবাক্স যুক্ত করা হয়েছে। সে কারণেই এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি ৪ মাস ২৪ দিন পর বাক্সগুলো খোলা হলো। এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ মনোবাসনা পূরণের আশায় পাগলা মসজিদে দান করেন। রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ নানা মানতে টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রী দান করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি সার্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।
মসজিদ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ মার্চ দানবাক্সে পাওয়া ৪২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮৮ ভরি রৌপ্যালঙ্কার নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা এবং একই সময়ে বৈদেশিক মুদ্রা বিক্রি করে আরও ৭০ লাখ টাকা আয় হয়। পরবর্তী ছয় বছর ধরে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। গত ১২ অক্টোবর এসব সম্পদ গণনা ও মূল্য নির্ধারণের জন্য নয়টি কনটেইনার ও ছয়টি সিলগালা খাম খোলা হয়। এতে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার পাওয়া যায়; সব মিলিয়ে অলঙ্কারের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১৩২ ভরি।
বর্তমানে পাগলা মসজিদ দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদ কমপ্লেক্সে মুসল্লিদের নামাজের জায়গার সংকট নিরসনে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে তিনটি নামাজের শেড, অজুখানা ও মহিলাদের জন্য ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে, যার প্রণয়ন কার্যক্রম শেষ পর্যায়ে; গত ২৭ সেপ্টেম্বর এর কার্যাদেশ দেওয়া হয়। এ ছাড়া মুসল্লিদের সুবিধার্থে মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে। আধুনিক মসজিদ কমপ্লেক্স গড়ে তোলার অংশ হিসেবে বর্তমান কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা ৫৩.৭৭ শতাংশ জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে এবং কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজ চলছে।
পাগলা মসজিদের তহবিল থেকে কমপ্লেক্সের মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করা হয়। পাশাপাশি ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়ন খাতে অর্থ ব্যয় করা হয়। এই মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন। এ ছাড়া জমাকৃত টাকার লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসায় অনুদান দেওয়া হয়।
কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক একটি স্থান। এর সঠিক প্রতিষ্ঠাকাল জানা না গেলেও শিক্ষক মতিউর রহমান রচিত ‘দেওয়ান ঈসা খাঁ’ গ্রন্থ থেকে জানা যায়, বাংলা ১৩২৫ সালের ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। পরে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় তা পুনর্নির্মাণ করা হয়। জনশ্রুতি অনুযায়ী, বাংলার বারো ভূঁইয়ার শাসক ঈসা খাঁর উত্তরপুরুষ দেওয়ান জিলকদর দাদ খাঁ দুনিয়াদারি ত্যাগ করে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন ছিলেন এবং সাধারণ মানুষের কাছে ‘পাগলা সাহেব’ নামে পরিচিত ছিলেন। তাঁর ইবাদত-বন্দেগির জন্য নরসুন্দা নদীর তীরে একটি টিলার ওপর টিনের ঘর তৈরি করা হয়েছিল, যা থেকেই পরবর্তীতে ‘পাগলা মসজিদ’ নামকরণ হয়।
এআইএল/সকালবেলা