পাগলা মসজিদের ১৫ দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
পাগলা মসজিদের ১৫ দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স ও গণনা সংশ্লিষ্ট দৃশ্য
​নূর আহাম্মদ পলাশ,কিশোরগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এবার দানবাক্সগুলোতে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। জমা পড়া অর্থের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দান করা টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য সামগ্রী গণনা শেষে মোট দানের পরিমাণ জানা যাবে।

আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দানবাক্স থেকে বের করা টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়; সেখানেই বর্তমানে গণনার কাজ চলছে। গণনায় অংশ নিয়েছেন মসজিদ-মাদ্রাসার ৯০ জন ছাত্র, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে গঠিত ৭ সদস্যের দানবাক্স খোলা উপকমিটি পুরো কার্যক্রম তদারকি করছে। এ ছাড়া সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ, এসআরবি ও ব্যাটেলিয়ান আনসারের সদস্যরা।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। সে সময় ৪৩ বস্তা টাকা পাওয়া যায় এবং দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী পাওয়া যায়, যা আগের সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও দানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় সম্প্রতি আরও দুটি নতুন দানবাক্স যুক্ত করা হয়েছে। সে কারণেই এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি—৪ মাস ২৪ দিন পর বাক্সগুলো খোলা হলো এবং এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ মনোবাসনা পূরণের আশায় পাগলা মসজিদে দান করেন। রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ নানা মানতে টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রী দান করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি সার্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

মসজিদ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ মার্চ দানবাক্সে পাওয়া ৪২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮৮ ভরি রৌপ্যালঙ্কার নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা এবং একই সময়ে বৈদেশিক মুদ্রা বিক্রি করে আরও ৭০ লাখ টাকা আয় হয়। পরবর্তী ছয় বছর ধরে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। গত ১২ অক্টোবর এসব সম্পদ গণনা ও মূল্য নির্ধারণের জন্য নয়টি কনটেইনার ও ছয়টি সিলগালা খাম খোলা হয়। এতে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার পাওয়া যায়; সব মিলিয়ে অলঙ্কারের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১৩২ ভরি।

বর্তমানে পাগলা মসজিদ দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদ কমপ্লেক্সে মুসল্লিদের নামাজের জায়গার সংকট নিরসনে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে তিনটি নামাজের শেড, অজুখানা ও মহিলাদের জন্য ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে, যার প্রণয়ন কার্যক্রম শেষ পর্যায়ে; গত ২৭ সেপ্টেম্বর এর কার্যাদেশ দেওয়া হয়। এ ছাড়া মুসল্লিদের সুবিধার্থে মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে। আধুনিক মসজিদ কমপ্লেক্স গড়ে তোলার অংশ হিসেবে বর্তমান কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা ৫৩.৭৭ শতাংশ জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে এবং কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজ চলছে।

পাগলা মসজিদের তহবিল থেকে কমপ্লেক্সের মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করা হয়। পাশাপাশি ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়ন খাতে অর্থ ব্যয় করা হয়। এই মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন। এ ছাড়া জমাকৃত টাকার লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসায় অনুদান দেওয়া হয়।