বৃষ্টিতে কুষ্টিয়ায় আমন ধানের ক্ষতির শঙ্কা
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মাঠজুড়ে এখন নতুন ধানের মিষ্টি গন্ধে ভরে উঠেছে। আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মনও ভরে উঠেছে; তাই আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে গত দুদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ক্ষেতে পানি জমে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
কাটা ধান জমিতে রাখার ফলে জমিনে পানি জমায় ক্ষতির শঙ্কায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আবার যেসব কৃষকের পাকা ধান কাটা হয়নি, তাঁরাও ক্ষতির শঙ্কায় রয়েছেন। কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর কুষ্টিয়ায় প্রায় ৮৯ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। তবে ধানের উৎপাদন খরচ বাড়ায় ধানের দাম বৃদ্ধির দাবি জানিয়েছেন কৃষকরা।
অগ্রহায়ণের ভরা ক্ষেতে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত এখন কুষ্টিয়ার কৃষকরা। এ বছর ধানের বাম্পার ফলন হলেও বেড়েছে উৎপাদন খরচ। সার, কীটনাশক ও শ্রমমজুরিসহ সব ধরনের উপকরণের বাড়তি দামের ফলে কৃষকদের বিঘাপ্রতি খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। ফলন হচ্ছে ২০ মণ থেকে ২৪ মণ হারে; তারপরও খুশি কৃষক। তবে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে গত দুদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে ধানের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
দৌলতপুর উপজেলার রিফায়েতপুর এলাকার কৃষক মো. আব্দুল কুদ্দুস জানান, এ বছর আমন ধানের বেশ ভালো ফলন হচ্ছে; বিঘাপ্রতি কমপক্ষে ২০ মণ ধান হচ্ছে, অনেকের ২৪ মণও হচ্ছে। তবে ধান চাষের উৎপাদন খরচ বেড়েছে। সার ও তেলের দাম বাড়ায় বিঘাপ্রতি খরচ হয়েছে কমপক্ষে ১২ হাজার টাকা, কারও আরও বেশি। তবে হঠাৎ বৃষ্টিতে ধানের বেশ ক্ষতি হবে বলে উল্লেখ করেন তিনি। কৃষকদের দাবি, সার, কীটনাশক ও ডিজেলসহ কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ করা না হলে ধান চাষ নিয়ে শঙ্কায় পড়বেন কৃষকরা; পাশাপাশি ধানের দাম বৃদ্ধির দাবিও রয়েছে তাঁদের।
কুষ্টিয়ায় এ বছর আমন ধানের বাম্পার ফলন ও লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এখন ধান কর্তন চলছে। এ বছর লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় ৮৮ হাজার ৮৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা থেকে হেক্টরপ্রতি চাল অর্জিত হবে ৩.৬৪ মেট্রিক টন (তিন দশমিক ছয় চার) বলে জানিয়েছেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ওয়াহিদুজ্জামান। উৎপাদন খরচ না কমলে ধানের উৎপাদন কমবে, ফলে বাড়বে চালের আমদানি নির্ভরতা—এমনটিই মনে করেন কৃষকসহ সংশ্লিষ্টরা।
এআইএল/সকালবেলা