সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তাঁরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই কর্মসূচির পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিনের শুরুতে ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে প্রথমবারের মতো স্থল, জল ও আকাশপথে সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করা হয়। এই সম্মিলিত সামরিক অভিযানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ নতুন মাত্রা লাভ করে। গেরিলা যুদ্ধের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত আক্রমণ পাকিস্তানি বাহিনীর প্রতিরোধব্যবস্থাকে দুর্বল করে দেয় এবং মুক্তিযোদ্ধাদের বিজয়ের পথ আরও ত্বরান্বিত করে; যার ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়।