কম টাকায় বিশ্বভ্রমণ করার গোপন কৌশল

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ
কম টাকায় বিশ্বভ্রমণ করার গোপন কৌশল

ভ্রমণ ডেস্ক : ব্যস্ত ও যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটিয়ে মানসিক শান্তি খোঁজার অন্যতম প্রধান উপায় হয়ে উঠেছে ভ্রমণ। কিন্তু মনের ভেতর অدم্য সাধ থাকলেও অনেক সময় সাধ্য তথা আর্থিক সীমাবদ্ধতার কারণে ভ্রমণপিপাসু মানুষদের ঘরের চার দেওয়ালে বন্দী হয়ে থাকতে হয়। অনেকেই ভাবেন, বিশাল অঙ্কের লটারি না জিতলে বা ব্যাংকে বিপুল টাকা না থাকলে বোধহয় পুরো দুনিয়া ঘুরে দেখা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু বাস্তব সত্য হলো, বিশ্বভ্রমণের জন্য লটারির টিকিটের চেয়ে অনেক বেশি প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী কৌশল। কম খরচে বিশ্বভ্রমণের সেরা উপায়গুলো জানা থাকলে যেকোনো ভ্রমণই হয়ে উঠতে পারে অত্যন্ত সহজ, সাশ্রয়ী আর মানসিক চাপমুক্ত।

সাধারণত একটি ভ্রমণের মূল খরচকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়—যাতায়াত, খাবার এবং আবাসন বা থাকা। একটু কৌশলী হলে এই তিন ক্ষেত্রের খরচ প্রায় শূন্যের কোঠায় বা নামমাত্র মূল্যে নামিয়ে আনা সম্ভব। তবে মনে রাখতে হবে, টাকা বাঁচানো অবশ্যই জরুরি, কিন্তু তা যেন কোনোভাবেই আপনার ভ্রমণের মূল আনন্দ ও অভিজ্ঞতাকে মাটি বা নষ্ট না করে দেয়। কারণ, জীবনের যেকোনো সময় কঠোর পরিশ্রম করে টাকা আয় করা গেলেও, চলে যাওয়া সুন্দর সময় আর কখনো ফিরে আসবে না। নিজের বাজেট ঠিক রেখে বুদ্ধিমত্তার সঙ্গে ঘুরে বেড়ানোর কিছু গোপন কৌশল নিচে আলোচনা করা হলো

বিমানের টিকিট বা হোটেল বুকিংয়ের জন্য অনলাইন সার্চ করার সময় সব সময় ব্রাউজারের ‘ইনকগনিটো মোড’ (Incognito Mode) ব্যবহার করুন। সাধারণ মোডে সার্চ করলে ট্রাভেল সাইটগুলো কুকিজের মাধ্যমে আপনার সার্চ হিস্ট্রি ট্র্যাক করে ফেলে এবং চাহিদা বেশি মনে করে টিকিটের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেয়। ইনকগনিটো মোড আপনাকে এই বাড়তি খরচের হাত থেকে বাঁচাবে।

কম দামে টিকিট দেখলেই হুট করে কিনে ফেলবেন না। স্কাই স্ক্যানার (Skyscanner) কিংবা গুগল ফ্লাইটসের (Google Flights) মতো প্ল্যাটফর্মে প্রাইস অ্যালার্ট সেট করে রাখুন। সাধারণত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোতে সপ্তাহের মঙ্গল ও বুধবার টিকিটের দাম অন্য দিনগুলোর তুলনায় সবচেয়ে কম থাকে।

এক শহর থেকে অন্য দূরবর্তী শহরে যাওয়ার জন্য দিনের বেলা ভ্রমণ না করে রাতের ট্রেন বা স্লিপার বাস বেছে নিন। এতে যাতায়াতের পাশাপাশি আপনার এক রাতের হোটেলের চড়া বুকিং খরচ সম্পূর্ণ বেঁচে যাবে।

যেখানে গণপরিবহন কম, সেখানে সম্পূর্ণ নিরাপদ মনে হলে স্থানীয় কোনো চালক বা পরিবারের চলন্ত গাড়িতে লিফট বা 'কার পুলিং' চাইতে পারেন। এটি আপনাকে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে। আর দূরপাল্লার জন্য লোকাল ট্রেন বা বাস তো আছেই। স্বল্প দূরত্বের জন্য ম্যাপ হাতে নিয়ে হাঁটার অভ্যাস করুন, এতে শরীর ও পকেট দুই-ই ভালো থাকবে। এছাড়া আইসল্যান্ড এয়ার বা টার্কিশ এয়ারলাইনসের মতো কিছু নামী বিমান সংস্থা ‘ফ্রি স্টপ ওভার’ প্রোগ্রাম দেয়। এর মাধ্যমে কানেকটিং ফ্লাইটের মাঝে বাড়তি কোনো বিমানভাড়া ছাড়াই ওই দেশের প্রধান বা ট্রানজিট শহরে ১ থেকে ৭ দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও ঘোরার সুযোগ পাওয়া যায়।

বিশ্বব্যাপী একাকী ভ্রমণ (Solo Travel) এবং কম খরচের ভ্রমণের পুরো ধারণাকেই বদলে দিয়েছে বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। সম্ভবত সেসবের মাঝে প্রথম পাঁচের মধ্যেই থাকবে ‘কাউচসার্ফিং’ (Couchsurfing)। এটি এমন এক বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের স্থানীয় বাসিন্দারা পর্যটকদের সম্পূর্ণ বিনা মূল্যে নিজেদের বাড়ির সোফা কিংবা বাড়তি ঘর শেয়ার করেন। এই ওয়েবসাইটে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট এবং এর যথাযথ ও নিরাপদ ব্যবহার আপনার আন্তর্জাতিক ভ্রমণের ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত আবাসন খরচ এক ধাক্কায় কমিয়ে আনতে পারে। তবে সুরক্ষার স্বার্থে বুকিংয়ের আগে অবশ্যই হোস্টের আগের রিভিউগুলো ভালোভাবে দেখে নেওয়া জরুরি।

ওয়ানডে বা শর্ট ট্যুর বাদ দিয়ে আপনি যদি কোনো দেশে দীর্ঘ মেয়াদে থাকতে চান, তবে বিভিন্ন আন্তর্জাতিক হোস্টেল, এনজিও, অর্গানিক ফার্ম কিংবা বৌদ্ধ মনাস্ট্রিতে ‘ভলান্টিয়ার’ বা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন। দিনে নির্দিষ্ট কিছু ঘণ্টা কাজের বিনিময়ে তারা আপনাকে সম্পূর্ণ বিনা মূল্যে থাকা এবং তিন বেলা পুষ্টিকর খাবারের সুবিধা দেবে।

অনেকের ধারণা, ব্যাকপ্যাকার্স হোস্টেল মানেই এক রুমে গাদাগাদি করে থাকা। কিন্তু বর্তমানে অনেক আধুনিক বুটিক হোস্টেলে কম খরচে দারুণ প্রাইভেট রুম পাওয়া যায়, যেখানে নিজেদের মতো রান্নার সুব্যবস্থাও থাকে। এ ছাড়া স্থানীয় সংস্কৃতির অকৃত্রিম স্বাদ নিতে ‘হোমস্টে’ চমৎকার অপশন। আর আপনি যদি চরম অ্যাডভেঞ্চারপ্রিয় হন, তবে নিজের ব্যাকপ্যাকে একটি হালকা তাঁবু সব সময় সঙ্গে রাখুন। বিভিন্ন দেশের অনুমোদিত জোনে ক্যাম্পিং করার মাধ্যমে কোনো খরচ ছাড়াই ‘মিলিয়ন স্টার’ বা খোলা আকাশের নিচে ঘুমানোর এক অবিস্মরণীয় অভিজ্ঞতা পাবেন। তবে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও নিজের সুরক্ষার বিষয়টি অবশ্যই সর্বোচ্চ বিবেচনায় রাখতে হবে।

জান্নাত সকালাবেলা

মন্তব্য করুন