দীঘিনালা সেনা জোনের উদ্যোগে চারা বিতরণ
রুপম চাকমা, দীঘিনালা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২১ জুন) উপজেলার নিউজিল্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দাদের মাঝে মোট ১,৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন বলেন, "একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও সেটির সঠিক পরিচর্যার দায়িত্ব নিতে হবে।"
এই পরিবেশবান্ধব কর্মসূচিতে স্থানীয় বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর পদস্থ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দীঘিনালা সেনা জোনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং পাহাড়ি অঞ্চলে পরিবেশের বিপর্যয় রোধে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। দীঘিনালা সেনা জোন কর্তৃপক্ষ জানিয়েছে, সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে দুর্গম ও পাহাড়ি এলাকায় ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে।
এআইএল/সকালবেলা
|