নাটোরে মাদক সেবনের সময় তিনজন আটক
নাটোর প্রতিনিধি: নাটোর শহরের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা সেবনের সময় তিন মাদকসেবীকে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ রবিবার (২১ জুন) বিকেলে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— অন্তত আহমেদ, শহিদুল ইসলাম এবং মো. স্বপন আলী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বিভিন্ন মাদক স্পটে একযোগে এই অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, বিজ্ঞ আদালত তাদের অপরাধ বিবেচনা করে বিভিন্ন অঙ্কের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। নাটোর জেলাকে মাদকমুক্ত করতে মাদক সেবন, বহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থাগুলোর সমন্বয়ে এই ধরনের অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।
এআইএল/সকালবেলা
|