সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ
সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর মাহি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নৃশংসভাবে খুন হওয়া মাহি আক্তার জামির্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের মিজানুর দেওয়ানের মেয়ে। সে স্থানীয় সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১৫ জুন) প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে বিদ্যালয় কর্তৃপক্ষ মাহি আক্তার ও অপর এক ছাত্রকে টিসি (ছাড়পত্র) দিয়ে দেয়। ওই দিন স্কুল থেকে বের হওয়ার পর থেকেই মাহি রহস্যজনকভাবে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সিংগাইর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

আজ রবিবার বিকেলে চন্দননগর কবরস্থানের পাশের বাঁশঝাড়ে একটি খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশে পড়ে থাকা স্কুল ব্যাগ, জুতা ও স্কুলের পোশাক (ইউনিফর্ম) দেখে পরিবারের সদস্যরা নিথর দেহটি নিখোঁজ মাহির বলে শনাক্ত করেন। অপরাধীরা তাকে হত্যার পর লাশটি বাঁশঝাড়ে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনার জেরে কর্তৃপক্ষ ওই দুই শিক্ষার্থীকে টিসি দিয়েছিল। তবে টিসি দেওয়ার সময় ছাত্রটিকে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হলেও, ছাত্রীটিকে কোনো অভিভাবক ছাড়াই শুধু ছাড়পত্র দিয়ে স্কুল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই মেয়েটি নিখোঁজ ছিল।"

তিনি আরও জানান, "ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া লাশটি দেখে মনে হচ্ছে ৫-৬ দিন আগের। মরদেহের বিকৃতির কারণে শতভাগ পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। স্কুলছাত্রীকে এভাবে নৃশংসভাবে হত্যার পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন