মেহেন্দিগঞ্জে মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা
বরিশাল অফিস: বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই নজরুল ইসলামকে (৪২) মসজিদের ভেতর ঢুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তার আপন বড় ভাই মোহাম্মদ হারুন।
আজ রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নজরুল ও হারুনের মধ্যে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ইতিপূর্বেও তাঁদের মধ্যে একাধিকবার বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ বিকেলে ছোট ভাই নজরুল ইসলাম স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে যান। তিনি নামাজে থাকা অবস্থায় বড় ভাই হারুন ধারালো অস্ত্র নিয়ে আচমকা মসজিদে প্রবেশ করেন এবং নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।
পরে মসজিদের ভেতর থেকে অন্যান্য মুসল্লি ও স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় নজরুলকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত বড় ভাই হারুন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। খুব দ্রুত সময়ের মধ্যেই ঘাতককে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশ্বাস দেন।
এআইএল/সকালবেলা
|