চৌগাছায় নিখোঁজ প্রতিবন্ধীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ণ
চৌগাছায় নিখোঁজ প্রতিবন্ধীর গলাকাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় নিখোঁজের একদিন পর আতিয়ার রহমান (৪০) নামে এক প্রতিবন্ধী পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের পাশের একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতিয়ার রহমান চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের সবেদ আলীর ছেলে। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন। আতিয়ার বেড়গোবিন্দপুর বাওড়ের পাহারাদার হিসেবে কর্মরত থাকার পাশাপাশি ওই বাওড় থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি উত্তোলন করে স্থানীয় কৃষকদের জমিতে সেচ দেওয়ার কাজও করতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২০ জুন) প্রতিদিনের মতো বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন আতিয়ার। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেননি। এরপর থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আজ রবিবার বিকেলে বেড়গোবিন্দপুর বাওড়ের পাশে একটি খালে কচুরিপানার নিচে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে স্বজনরা সেটি আতিয়ারের মরদেহ বলে শনাক্ত করেন।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে নৃশংসভাবে হত্যা করে লাশ খালে লুকিয়ে রাখে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন