নিজের তৈরি প্লেনে আকাশে উড়লেন মারুফ

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ণ
নিজের তৈরি প্লেনে আকাশে উড়লেন মারুফ

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর): শৈশব থেকেই ডানা মেলে নীল আকাশে ওড়ার স্বপ্ন ছিল তার। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কিংবা বড় ডিগ্রি না থাকলেও কেবল অদম্য ইচ্ছাশক্তি ও মেধার জোরে সেই স্বপ্নকে ছুঁয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের তরুণ উদ্ভাবক মারুফ মোল্যা। নিজের তৈরি এক আসনের ছোট একটি প্লেনে চড়ে আকাশে উড়ে পুরো এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

হতদরিদ্র পরিবারের সন্তান মারুফ মোল্যা সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের মোজাহার মোল্যার ছেলে। প্রায় সাত মাসের অক্লান্ত পরিশ্রমে ও স্বল্প খরচে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তিনি এই উড়োজাহাজটি তৈরি করেন। গত ৮ জুলাই বিকেলে সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের পদ্মার চরাঞ্চলে নিজের তৈরি প্লেনটি নিয়ে সফলভাবে আকাশে ওড়েন মারুফ।

এর আগেও নিজে প্যারাগ্লাইডিং তৈরি করে আকাশে উড়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন মারুফ। এবার নিজস্ব প্রযুক্তির প্লেন আকাশে উড়িয়ে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন এই তরুণ। যদিও উড়োজাহাজটির উড্ডয়ন উচ্চতা কিছুটা কম ছিল, তবুও নিজের তৈরি বাহনে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত মারুফ। তার এই অভাবনীয় কাণ্ড দেখতে প্রতিদিন চরাঞ্চলে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক মানুষ।

উদ্ভাবক মারুফ মোল্যা তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হলেও অভাবের সংসারে পড়ালেখা আর চালিয়ে যেতে পারিনি। তবে আকাশে ওড়ার স্বপ্ন কখনো ম্লান হতে দিইনি। ইউটিউব দেখে বিমানের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ধারণা নিই। পরে মানিকগঞ্জের জুলহাস ভাইয়ের তৈরি একটি প্লেন দেখে অনুপ্রাণিত হয়ে নিজের মেধা খটিয়ে এটি তৈরি করি।”

তিনি আরও জানান, “শুরুতে প্লেনটিতে কিছু কারিগরি ত্রুটি ছিল। পরে জুলহাস ভাইয়ের পরামর্শ নিয়ে সেগুলো ঠিক করি। এখন আকাশে ওড়াতে কিংবা ব্যালেন্স করতে কোনো সমস্যা হচ্ছে না।” সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ও প্লাইউড দিয়ে তৈরি এই প্লেনটি বানাতে মারুফের প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে।

স্থানীয় চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মারুফের এই প্রতিভাকে সাধুবাদ জানিয়ে বলেন, “মারুফ অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান একজন তরুণ। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে সে আরও উন্নত প্রযুক্তি উদ্ভাবন করে দেশের জন্য বড় সুনাম বয়ে আনতে পারবে।” মারুফের স্বপ্ন, সরকারি অনুদান পেলে তিনি এই আবিষ্কারকে আরও বড় পরিসরে রূপ দেবেন, যা একদিন মেঘের সীমানা ছাড়িয়ে যাবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন