সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেট ব্যুরো: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারত থেকে পণ্য এনে বাংলাদেশে বিক্রি করতেন। তবে ঘটনার সময় তিনি ঠিক কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার শেষ রাতে মিনহাজ উদ্দিন উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় প্রবেশ করেন। এ সময় স্থানীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে তিনি গুরুতর গুলিবিদ্ধ হন।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, খাসিয়ার গুলিতে যুবকের মৃত্যুর খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে নিহতের বাড়িতে যান এবং বিষয়টি থানা পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, "সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।"
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে জানা গেছে মিনহাজ ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়ার গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|