সকালবেলায় সংবাদ প্রকাশ: খাদ্য ও ঘর পাচ্ছেন আলতাফ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ণ
সকালবেলায় সংবাদ প্রকাশ: খাদ্য ও ঘর পাচ্ছেন আলতাফ

মো. হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় একটি নিরাপদ বসতঘরের অভাবে মানবেতর জীবনযাপন করা অসহায় আলতাফ হোসেনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গণমাধ্যমে তাঁর দুর্দশার খবর প্রকাশের পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে তাঁকে দুই মাসের শুকনো খাবার এবং ঘর নির্মাণের জন্য টিন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার বাসিন্দা আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে বসবাস করে আসছেন। ঘরের টিন মরিচা পড়ে ছিদ্র হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে। ফলে চলমান বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েছে পরিবারটি।

গত ১২ জুন ‘দৈনিক সকালবেলা’ পত্রিকায় “পীরগাছায় ঘরের অভাবে মানবেতর জীবনযাপন” শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অসহায় আলতাফ হোসেনকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন অসহায় পরিবারটির খোঁজখবর নেন এবং প্রাথমিকভাবে দুই মাসের শুকনো খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন দেওয়ার আশ্বাস প্রদান করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, “গণমাধ্যমে সংবাদটি দেখার পর বিষয়টি আমাদের নজরে আসে। আলতাফ হোসেনের পরিবারের অবস্থা অত্যন্ত করুণ। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের জন্য তাৎক্ষণিক খাদ্য সহায়তার ব্যবস্থা করছি। পাশাপাশি সরকারি বিধি-বিধান অনুসরণ করে দ্রুত ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

সহায়তার আশ্বাস পেয়ে অসহায় আলতাফ হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, “সংবাদ প্রকাশের পর প্রশাসনের লোকজন আমার খোঁজ নিয়েছেন। দুই মাসের খাবার ও ঘরের জন্য টিন দেওয়ার আশ্বাস পেয়েছি। এজন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত এটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন