রাজনৈতিক মতবিরোধে সন্তানকে ত্যাগের ঘোষণা বাবার
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজের ছোট ছেলেকে পারিবারিকভাবে ত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ নামে এক ব্যক্তি।
গতকাল সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল ওহাব শেখ উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দা। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, তিনি নিজে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে পরিবারের রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে তাঁর ছোট ছেলে সজীব শেখ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন তিনি। যদিও তিনি বলেন, সজীব শেখের কোনো আনুষ্ঠানিক পদ নেই, তবে তিনি উপজেলা পর্যায়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ভেতরগতভাবে জড়িত।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিষয়টি পরিবারে জানা যায় এবং এরপর একাধিকবার তাকে ওই রাজনীতি থেকে সরে আসার জন্য বোঝানো হলেও তিনি অবস্থান পরিবর্তন করেননি।
মূলত আদর্শিক অমিল ও পারিবারিক অবাধ্যতার কারণেই চূড়ান্তভাবে তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান আব্দুল ওহাব শেখ। তিনি স্পষ্টভাবে বলেন, এখন থেকে সজীব শেখের কোনো সামাজিক বা আইনি কর্মকাণ্ডের দায়-দায়িত্ব পরিবার বহন করবে না। তার সকল কর্মকাণ্ডের ভালো-মন্দের দায়ভার সে নিজেই বহন করবে।
তবে এ বিষয়ে সজীব শেখ বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
|