মামলা জটের কারণে শিক্ষক নিয়োগ ব্যাহত: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে মামলা জটের কারণে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ২০১৭ সালের একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের প্রক্রিয়াও দীর্ঘ সময় ধরে থমকে রয়েছে। আইনি এই প্রতিবন্ধকতা নিরসনে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী পুনরায় নিশ্চিত করেন যে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। এছাড়া ডিজিটাল যুগে নকলের নতুন ধরন প্রতিরোধে পরীক্ষা কেন্দ্রগুলোতে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ বা ডিজিটাল নজরদারি নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। কোনো ধরনের ত্রুটি বা গাফিলতি পরিলক্ষিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন
বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। যে সব উপজেলায় পাবলিক পরীক্ষায় পাসের হার সবচেয়ে বেশি হবে, সেসব এলাকার সংসদ সদস্যদের বিশেষ সম্মাননা হিসেবে ‘গোল্ড মেডেল’ দেওয়া হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য দেশের বিভিন্ন স্থানে ৬৭০টি বিশেষ স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষা কাঠামোর সঙ্গে সমন্বয় রেখেই ওই অঞ্চলের শিক্ষার উন্নয়ন করা হবে, যাতে কোনো বিচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে না ওঠে।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহসহ শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জান্নাত সকালবেলা
|