৬ দাবিতে কুবি আইন বিভাগে শিক্ষার্থীদের তালা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
৬ দাবিতে কুবি আইন বিভাগে শিক্ষার্থীদের তালা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা যথাসময়ে আয়োজন এবং ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে বিভাগে তালা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় তাঁরা প্রশাসনের কাছে ৬ দফা দাবি এবং ১৪টি গুরুতর অভিযোগ উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— ২৪ ঘণ্টার মধ্যে ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ, আগামী সাত মাসের মধ্যে বাকি দুই সেমিস্টার সম্পন্ন করা, ৪৮ ঘণ্টার মধ্যে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী রোডম্যাপ প্রকাশ, পরীক্ষা শেষের আট সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ এবং আন্দোলনের কারণে ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব না ফেলার লিখিত অঙ্গীকারনামা প্রদান।

একই সঙ্গে শিক্ষার্থীরা বিভাগের বিরুদ্ধে ৮ মাসের সেশনজট, পরীক্ষার আগের রাতে রুটিন প্রকাশ, শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দীর্ঘসূত্রতা এবং দাবি তুললে মামলার ভয় দেখানোর মতো ১৪টি গুরুতর অভিযোগ তোলেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং বিভাগীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরা আগামীকালের (বুধবার) মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ এবং আগামী সোমবার থেকে পরীক্ষা গ্রহণের লিখিত আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এছাড়া ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পরবর্তী দুই সেমিস্টার সম্পন্ন করার লক্ষ্যে একটি রোডম্যাপ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষা কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক জানান, “প্রো-ভিসি ম্যাম ও ডিন স্যার এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধান দিয়ে গেছেন। সেই ভিত্তিতেই রুটিন করা হয়েছে এবং আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু হবে।” তবে এ বিষয়ে বক্তব্য জানতে বিভাগীয় প্রধানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন