সিলেট প্রান্তে গেলেই আক্ষেপ হয়, র‍্যাডক্লিফ তোমার এত তাড়া ছিল কেন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ
সিলেট প্রান্তে গেলেই আক্ষেপ হয়, র‍্যাডক্লিফ তোমার এত তাড়া ছিল কেন

ফিচার প্রতিবেদক: বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—দেশের প্রায় প্রতিটি প্রান্তে ভ্রমণ হলেও হাওর বা কাপ্তাইয়ের হাতছানি ছিল দীর্ঘদিনের। শেষ পর্যন্ত ব্যাচেলর ট্রিপের পরিকল্পনায় সঙ্গী হলেন ভাইরাল গান ‘আমি প্রবাসী শ্রমিক’-এর গায়ক এসআর রিফাতসহ ২২ জনের একটি টিম। ১৩ জুন রাতে রংপুর থেকে শুরু হলো নেত্রকোণার কলমাকান্দার উদ্দেশে দীর্ঘ যাত্রা।

নেত্রকোণা থেকে সিএনজি ও অটোরিকশা পেরিয়ে আমরা পৌঁছালাম পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙ্গায়। এটি মেঘালয়ের গারো পাহাড়ের শেষপ্রান্ত, যা বাংলাদেশ সীমান্তে মিশেছে। পাহাড়ের ঢাল ও সমতলের এই মিলনস্থলে দাঁড়িয়ে প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করা এক অন্যরকম অভিজ্ঞতা। পাহাড়ের কোল ঘেঁষে স্থানীয়দের বসতি থাকলেও, সীমান্তের নিরাপত্তা ও কড়াকড়ির কারণে সেখানে বিচরণ করা ছিল নিষেধ। তবুও পাহাড়ের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে।

আমাদের যাত্রার মূল আকর্ষণ ছিল ‘আলপি বিলাস’ নামের হাউসবোটে রাত্রিযাপন। কলমাকান্দার মুক্তিরচরের ঘাটে নোঙর করা এই হাউসবোটের ছাদ থেকে চারপাশের নদীর দৃশ্য, গোধূলির আলো আর শীতল হাওয়া সারাদিনের ক্লান্তি ধুয়ে দিয়েছিল। খোলা আকাশের নিচে নৌকার ছাদে বসে আড্ডা আর গান—এই অনুভূতি যেন এক স্বপ্নিল মুহূর্ত।

টাঙ্গুয়ার হাওর হয়ে আমাদের যাত্রা শুরু হয় সুনামগঞ্জের তাহিরপুরের শহীদ সিরাজ হ্রদ বা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। চুনাপাথরের খনি ও পাহাড়ের কোলঘেঁষা এই লেকের পানির স্বচ্ছ নীল রঙ এবং চারপাশের সবুজের সমারোহ দেখে অনেকেই একে ‘বাংলার কাশ্মীর’ বলে থাকেন। লেকের শান্ত জলরাশিতে গোসল ও পাহাড়ের ঢালে ছবি তোলার মুহূর্তগুলো ছিল অবিস্মরণীয়।

ভ্রমণের এক পর্যায়ে বারেক টিলায় দাঁড়িয়ে মনের মধ্যে এক তীব্র আক্ষেপ তৈরি হয়। ভারতের মেঘালয় সীমান্তের খাড়া পাহাড়গুলোর দিকে তাকালে বারবার মনে পড়ে স্যার সাইরিল র‍্যাডক্লিফের কথা। ১৯৪৭ সালে মাত্র ৩৬-৩৭ দিনের তাড়াহুড়ায় ডেস্কে বসে কলম দিয়ে দাগ টেনে তিনি যে ম্যাপ কেটেছিলেন, তা আজও স্থানীয়দের মনে প্রশ্ন জাগায়। ব্রিটিশদের প্রশাসনিক সুবিধার্থে আঁকা সেই সীমান্ত রেখার কারণে আজ পাহাড়গুলো আমাদের সীমানার বাইরে।

যাদুকাটা নদীর নীল পানিতে ডুব দিতে দিতেই মনে প্রশ্ন জাগে, এই পাহাড়গুলো কি কিছুটা আমাদের পাওনা ছিল না? র‍্যাডক্লিফ, তোমার এতো তাড়া ছিল কেন? এই আক্ষেপ নিয়েই হাওরের প্রকৃতি আর পাহাড়ের মিতালিতে আমাদের সফরের ইতি টানলাম।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন