হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার কাইটাইল ইউনিয়নের গণেশ হাওরে এই ঘটনা ঘটে।

নিহত রাজিব মিয়া উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে রাজিব তাঁর বাড়ির কাছেই গণেশ হাওরে পেতে রাখা বাইর বা দোয়ারি (মাছ ধরার ফাঁদ) থেকে মাছ তুলতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, নিহত রাজিবের স্ত্রী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের আট সদস্যের মধ্যে একমাত্র কর্মক্ষম ও উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবারটি এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে।

মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে রাজিব নামের ওই যুবকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ওই পরিবারটিকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা দ্রুত সময়ের মধ্যে করা হবে।

মন্তব্য করুন