সিনেমাতেই এখন পূর্ণ মনোযোগ সাবিলা নূরের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
সিনেমাতেই এখন পূর্ণ মনোযোগ সাবিলা নূরের
বিনোদন প্রতিবেদক: ছোটপর্দা ও ওটিটিতে দীর্ঘদিন দাপটের সাথে কাজ করার পর, বড়পর্দায় নিজের অবস্থান বেশ শক্ত করে তুলেছেন অভিনেত্রী সাবিলা নূর। ঈদে মুক্তি পাওয়া তার দুটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’ দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘রকস্টার’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

সাফল্যের এই ধারাবাহিকতায় সাবিলা এখন নাটক বা ওটিটির কাজ থেকে দূরে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্যমতে, এখন তার একমাত্র লক্ষ্য চলচ্চিত্র। সাবিলা জানান, বেশ কয়েকটি নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে এবং একটি প্রকল্পের কাজ খুব দ্রুতই চূড়ান্ত হতে পারে। দর্শকের ইতিবাচক সাড়া তাকে এখন আরও বেশি সচেতন ও পরিশ্রমী করেছে।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাবিলা বলেন, “শাকিব ভাই কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। প্রায় তিন দশকের ক্যারিয়ারেও তার কাজের প্রতি যে অদম্য ক্ষুধা ও পেশাদারিত্ব, তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য শিক্ষণীয়।” শুটিং সেটে শাকিব খানের সময়ের প্রতি সচেতনতা ও চরিত্র হয়ে ওঠার প্রচেষ্টাকে তিনি দারুণভাবে উপভোগ করেছেন।

নতুন ছবির কাজ শুরুর আগে নিজেকে মানসিকভাবে সতেজ করতে সাবিলা আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে বাবা-মা ও বড় বোনের সঙ্গে সময় কাটাবেন তিনি। নিউ ইয়র্কে একটি চলচ্চিত্র উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শিত হবে, যেখানে তিনি অংশ নেবেন। মূলত পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করতেই এই সফরকে দেখছেন এই অভিনেত্রী।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন