বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় দেশি মদ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
আজ বুধবার (২৪ জুন) সকাল ৯টায় ৪২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ জুন (সোমবার) সন্ধ্যায় ৪২ বিজিবির অধীনস্থ বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি’র একটি চৌকস টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/৫-এস এর নিকটবর্তী সাঁওতালপাড়া নামক এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এই মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আগামীতেও এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
এআইএল/সকালবেলা
|