মিসরে পবিত্র কোরআন বিতরণ করলেন বাংলাদেশি শিক্ষার্থীরা

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ণ
মিসরে পবিত্র কোরআন বিতরণ করলেন বাংলাদেশি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: মিসরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠন ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে দেশটির তানতা শহরের একটি হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৭০০ কপি পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়েছে। ‘BMA L/C 75’-এর আর্থিক সহায়তায় গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় একটি মাদ্রাসায় এই কোরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, এটি মূলত তাদের চলমান ‘সাদকাহ জারিয়াহ’ প্রজেক্টের একটি অংশ। এই মহৎ প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত বিভিন্ন অঞ্চলের মাদ্রাসায় ১ হাজার ২০০-এর বেশি পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। শুধু তা-ই নয়, নিপীড়িত ফিলিস্তিনের গাজায় এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই একটি সফল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যা বর্তমানে চমৎকারভাবে পরিচালিত হচ্ছে।

সংগঠনটির দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার এবং দ্বীনি শিক্ষার্থীদের প্রয়োজন পূরণে ভবিষ্যতেও তাদের এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশ-বিদেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামীতে আরও বৃহত্তর পরিসরে সাদকাহ জারিয়াহভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এদিকে সুদূর মিসরের বুকে বাংলাদেশি শিক্ষার্থীদের এমন অনন্য ও মানবিক উদ্যোগকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সুধীসমাজ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আশা করেন, এ ধরনের কার্যক্রম বিশ্বজুড়ে কোরআনের আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক কর্মকাণ্ডের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন