কঠিন প্রক্রিয়ায় হবে ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধার: ট্রাম্প

কঠিন প্রক্রিয়ায় হবে ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধার: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইউরেনিয়াম মজুত পুনরুদ্ধার করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘ ও অত্যন্ত কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনার সময় ইরানের নিউক্লিয়ার ডাস্ট (ইউরেনিয়াম) সংশ্লিষ্ট স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। এ কারণে এই নিউক্লিয়ার ডাস্ট খুঁড়ে বের করতে বা পুনরুদ্ধার করতে আমাদের একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা আইএইএ (IAEA) এক বিবৃতিতে জানিয়েছিল যে, ইরানের কাছে ৪শ কেজি ইউরেনিয়াম আছে যা ৬০ শতাংশ পর্যন্ত পরিশোধিত। এই ইউরেনিয়ামকে ৯০ শতাংশে উন্নীত করতে পারলে ইরান পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হতো। আইএইএ-এর এই বিবৃতির মাত্র ৬ দিন পর ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে। এর কয়েক দিন পরই যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করে।

টানা ১২ দিন ধরে চলা এই দুই অভিযানের ফলে ইরানের পরমাণু স্থাপনাগুলো প্রায় ধ্বংস হয়ে গেলেও দেশটির বিশাল পরমাণু মজুতের সরাসরি নাগাল পায়নি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। বর্তমানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নতুন সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানের সেই ইউরেনিয়াম মজুত নিজেদের হস্তগত করা।

সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন