ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বছর ঘুরে আবারও এসেছে পহেলা বৈশাখ। নতুন বছর শুরুর দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়াকে।
তিনি আজ নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে একটি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে দেখা যাচ্ছে এবং পেছনে বসে তা শুনছিলেন খালেদা জিয়া। মির্জা ফখরুল জানান, ছবিটি একটি পহেলা বৈশাখ অনুষ্ঠানের। তিনি ক্যাপশনে লেখেন, ‘এদিন ছিল একটি পহেলা বৈশাখের অনুষ্ঠান। আমি আবৃত্তি করেছিলাম। ম্যাডামকে সব সময় খুব মনে পড়ে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।’
এর আগে দেশবাসীকে বাংলা নববর্ষ-১৪৩৩ এর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘নববর্ষের প্রথম প্রহরে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উৎসবে বৈরিতা, দ্বন্দ্ব থাকবে না, প্রাণ-প্রাচুর্যে সঞ্চারিত হবে সবার হৃদয়। উৎসব সংহতিরও প্রতীক। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা।’
তিনি আরও বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা, জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে নতুন গতিশীল কর্মপ্রবাহে সুন্দর, সমৃদ্ধ আগামী নির্মাণ করা।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ