শেরপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পুলক রায়, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সোহাগি ওই গ্রামের চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগে হাফিজুর ও সোহাগির বিয়ে হয়। রোববার সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহাগিকে দেখতে পান স্বজন ও প্রতিবেশীরা। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের বাবা সুন্দর আলী জানান, বিয়ের পর সোহাগি ও তাঁর স্বামী ঢাকাতেই বসবাস করতেন। সম্প্রতি তাঁরা গ্রামে আসেন। ঘটনার আগের রাতেও মেয়ের সঙ্গে স্বাভাবিক কথা হয়েছে তাঁদের। শাশুড়ির সঙ্গে আলাদা থাকার বিষয়ে কথা চললেও কোনো বড় ধরনের কলহের ইঙ্গিত পাননি বলে জানান তিনি। তবে বিয়ের এত অল্প সময়ের মধ্যে মেয়ের এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, বিয়ের পর তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল বলেই জানতেন। কেন এমন ঘটনা ঘটল, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন