কটিয়াদীতে খাল খনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

কটিয়াদীতে খাল খনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক তিনটি স্থানে খাল খনন ও গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। 

সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী এসব উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।

সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামে ‘হেরিং বোন বন্ড’ (HBB) সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে বনগ্রামের কুরহানীর বিল থেকে সিংগুয়া নদী পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল।

এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে শফিকুর রহমান (বাদল), মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, মাহফুজুর রহমান মিঠু এবং সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর। বিশেষ করে কৃষিনির্ভর এই অঞ্চলে খাল খনন ও টেকসই সড়ক নির্মাণের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহন ও সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন