ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর: রংপুরে পুলিশ সদস্য এএসআই (নিঃ) পিয়ারুল ইসলামকে হত্যার দায়ে পারভেজ রহমান পলাশ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে বিভিন্ন ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম মোছাঃ মার্জিয়া খাতুন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি পারভেজ রহমান পলাশ (২৬) রংপুর মহানগরীর হারাগাছ থানার বাহার কাছনা (তেলীপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর হারাগাছ থানা এলাকায় দায়িত্ব পালনকালে আসামির ছুরিকাঘাতে গুরুতর আহত হন এএসআই পিয়ারুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হারাগাছ থানায় একটি হত্যা মামলা (জি আর নং- ১৮৬/২১) দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় দেওয়া হলো।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম (লিটন) আদালতে দণ্ডবিধির ৩০২, ১৮৬, ২২৪ ও ৩৫৩ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হন। রায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া সরকারি কাজে বাধা ও আক্রমণের দায়ে ১৮৬ ধারায় তিন মাস বিনাশ্রম কারাদণ্ড, ২২৪ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ৩৫৩ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য এই রায়টি উচ্চ আদালতে (হাইকোর্ট বিভাগ) অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ