রামেককে ‘ফ্যাসিস্ট’মুক্ত করার দাবিতে মানববন্ধন

রামেককে ‘ফ্যাসিস্ট’মুক্ত করার দাবিতে মানববন্ধন

আবু কাওসার মাখন, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দীর্ঘদিন ধরে চলা টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য ও সিন্ডিকেট শাসনের অবসান ঘটিয়ে হাসপাতালকে ‘ফ্যাসিস্ট মুক্ত’ করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। 

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহী বাসী’-র ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রামেক হাসপাতালে একটি প্রভাবশালী চক্র সাধারণ রোগী ও চাকরিপ্রত্যাশীদের জিম্মি করে রেখেছে। বিশেষ করে হাসপাতালের উপ-পরিচালক ডা. হাছানুল হাবিব, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব এবং পরিচালকের পিএ এস.এম রাশিদুল সালেকিন (সুমন)-এর নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেট এখনো সক্রিয়। বক্তারা অবিলম্বে এই ‘ফ্যাসিস্ট দোসর’ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের জোর দাবি জানান।

মানববন্ধনে উঠে আসে নিয়োগ বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে রাজপাড়া এলাকার শরীফা বেগম নামের এক নারীর কাছ থেকে পরিচ্ছন্নকর্মী হিসেবে চাকরি দেওয়ার নাম করে ৩ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেন ওয়ার্ড মাস্টার রাসেল আলী ও মো. শহিদুল। তাকে আইডি কার্ড ও পোশাক দেওয়া হলেও বেতন না দিয়ে উল্টো অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা (নং- ৪৩৭) করলেও এখনো কোনো প্রতিকার পাননি।

রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানী’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা ও সাধারণ সম্পাদক হারুনার রশিদ, বিটিসি নিউজের খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, লোকনাথ স্কুলের প্রধান শিক্ষক মফিজুল হকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, "বিগত সরকারের আমলে জেঁকে বসা এই সিন্ডিকেট বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং চিকিৎসা খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। ৩৩ শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনা হলেও এই চক্রটি বর্তমান পরিচালককে অসহযোগিতা করে যাচ্ছে।"

অনিয়মের বিষয়ে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব দায় এড়িয়ে বলেন, "সার্বিক বিষয় পরিচালক দেখেন।" অন্যদিকে, উপ-পরিচালক ডা. হাছানুল হাবিব ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

রাজশাহীর সাধারণ মানুষের দাবি, অবিলম্বে স্বাস্থ্য বিভাগ ও মন্ত্রণালয় হস্তক্ষেপ করে এই শক্তিশালী সিন্ডিকেট ভেঙে দিয়ে রামেক হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন