হবু স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

হবু স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা ও ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (৩৫) নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। 

রবিবার (১২ এপ্রিল) রাতে মৌলভীবাজার পৌর এলাকার উত্তর কলিমাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী তরুণী মৌলভীবাজারের একটি বেসরকারি ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’ হিসেবে কর্মরত। র‍্যাব জানায়, পর্তুগাল প্রবাসী উজ্জ্বলের সাথে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের কথা পাকাপোক্ত হয়। ২০২৪ সালের ১৪ জুন ধর্মীয় রীতি অনুযায়ী তাঁদের আশীর্বাদ সম্পন্ন হয়। এরপর তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে উজ্জ্বল কৌশলে ওই তরুণীর বেশ কিছু আপত্তিকর ছবি সংগ্রহ করে রাখে।

আশীর্বাদ সম্পন্ন হওয়ার পর উজ্জ্বল তাঁর হবু স্ত্রীর কাছে ‘রেসিডেন্সি কার্ড’ তৈরির জন্য ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এবং অন্যত্র বিয়ে করার হুমকি দেন তিনি। টাকা না পেয়ে গত ১২ মার্চ উজ্জ্বল দেশে ফিরে গোপনে অন্যত্র বিয়ে করেন এবং তাঁর ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর কিছু ছবি প্রচার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন