ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে জাইকা প্রকল্পের আওতায় বেড়িবাঁধ সংস্কারের নামে চার শতাধিক গাছ কেটে সাবাড় করার প্রতিবাদে সরব হয়েছে এলাকাবাসী। স্থানীয়দের তীব্র আন্দোলনের মুখে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গাছ কাটা বন্ধসহ চরে নির্মিত অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছে।
উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি হুলা এলাকায় বেড়িবাঁধ সংস্কারের ব্লক তৈরির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আর রাদ কনস্ট্রাকশন’ গত কয়েকদিনে সামাজিক বনায়নের অন্তত ৪০০ গাছ নির্বিচারে কেটে ফেলে। এর প্রতিবাদে গত ১২ এপ্রিল সিডিও-র উদ্যোগে মানববন্ধন করা হয়। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় ‘বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী’-র ব্যানারে খোলপেটুয়া নদীর চরে মানববন্ধনের লক্ষ্যে জড়ো হয় স্থানীয়রা।
গাছ কাটার সংবাদ পেয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। তিনি তাৎক্ষণিকভাবে গাছ কাটার মহোৎসব বন্ধের নির্দেশ দেন এবং নদীর চরের প্রবাহ ঠিক রাখতে নির্মিত অস্থায়ী বেড়িবাঁধ অপসারণের নির্দেশনা প্রদান করেন। অভিযানে শ্যামনগর থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা উপকূলের রক্ষা কবজ হিসেবে পরিচিত সামাজিক বনায়ন উজাড় করার তীব্র নিন্দা জানান। তাঁরা ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাজ কর্পোরেশনের (আর রাদ) মালিক সবুজ খানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে পুনরায় গাছ রোপণ করে ওই বনায়ন আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা জানান, দীর্ঘদিনের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ায় তারা খুশি।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, "নদীর চরে সামাজিক বনায়নের গাছ নিধন বন্ধ ও অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ