থাইরয়েড ক্যানসারের নীরব উপসর্গ: অবহেলা করলেই বিপদ

থাইরয়েড ক্যানসারের নীরব উপসর্গ: অবহেলা করলেই বিপদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ থাইরয়েড গ্রন্থি, যা হার্ট রেট, রক্তচাপ ও মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। তবে বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে থাইরয়েড ক্যানসার। এই রোগের লক্ষণগুলো এতটাই সাধারণ যে, অনেক সময় রোগী বুঝতেই পারেন না তার শরীরে একটি ‘নীরব শত্রু’ বাসা বেঁধেছে। বিশেষজ্ঞরা বলছেন, থাইরয়েড ক্যানসারের উপসর্গগুলো অস্পষ্ট হওয়ায় অধিকাংশ ক্ষেত্রে মানুষ একে সাধারণ ভাইরাল সংক্রমণ বা গলার সমস্যা ভেবে ভুল করেন, যার ফলে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যাহত হয়।

থাইরয়েড ক্যানসার সার্জন ড. ন্যান্সি পেরিয়ের মতে, কিছু নির্দিষ্ট লক্ষণের ওপর নজর দিলে রোগটি প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব। এই ক্যানসারের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো গলার সামনের দিকে অস্বাভাবিক ও ব্যথাহীন কোনো গাঁট বা ফোলাভাব দেখা দেওয়া। যদি এই ফোলাভাব সময়ের সাথে বড় হতে থাকে, তবে তা বিপদের সংকেত হতে পারে। এ ছাড়া কণ্ঠস্বর বদলে যাওয়া বা টানা তিন সপ্তাহের বেশি স্বরভঙ্গ থাকা থাইরয়েড টিউমারের অন্যতম লক্ষণ। টিউমারটি স্বরযন্ত্রের কাছের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করলে কণ্ঠস্বরে এই পরিবর্তন আসে।

অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে খাবার গিলতে কষ্ট হওয়া, শ্বাসকষ্ট এবং গলার সামনে থেকে কান পর্যন্ত বিস্তৃত দীর্ঘস্থায়ী ব্যথা। অনেক ক্ষেত্রে সর্দি বা অ্যালার্জি ছাড়াই টানা শুকনো কাশি হওয়া থাইরয়েড ক্যানসারের একটি লুকানো উপসর্গ হতে পারে। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, এ ধরনের কোনো সমস্যা তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো শনাক্ত ও সঠিক চিকিৎসা করালে থাইরয়েড ক্যানসার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন