ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের দুই শিক্ষকের নামে ডাকযোগে কাফনের কাপড়সহ হুমকিমূলক চিঠি পাঠানোর ঘটনা ঘটেছে। রহস্যজনক এই ঘটনায় পুরো ক্যাম্পাস জুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
কলেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির সময় প্রধান করণিক রাফিজা খাতুন ডাকযোগে আসা দুটি রেজিস্ট্রি চিঠি গ্রহণ করেন।
রোববার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে কলেজ খোলার পর চিঠি দুটি খোলা হলে দেখা যায়, প্রতিটিতে তিন টুকরো করে মোট ছয় টুকরো সাদা কাফনের কাপড় রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষক ও কর্মচারীদের মধ্যে তীব্র ভীতি ও উৎকণ্ঠা দেখা দেয়।
তদন্তে জানা গেছে, চিঠি দুটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা থেকে পাঠানো হয়েছে। এগুলো কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুস সামাদের নামে পাঠানো হয়। খামে প্রেরকের কোনো ফোন নম্বর না থাকলেও ‘জনি শেখ’সহ আরও একজনের নাম উল্লেখ রয়েছে।
গুরুদাসপুর ডাকঘর সূত্রে জানা যায়, চিঠি দুটি রেজিস্ট্রির মাধ্যমে পাঠানো হয়েছিল এবং নিয়ম অনুযায়ী পিয়ন অফিশিয়াল রিসিভ নিয়ে কলেজে পৌঁছে দেন।
ঘটনার বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক এবং ন্যক্কারজনক ঘটনা। আমরা বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে গুরুদাসপুর থানাকে অবগত করেছি। পুলিশ ইতিমধ্যে ক্যাম্পাস পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।”
কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ওমর আলী জানান, ঘটনা জানার পরপরই ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিঠির উৎস এবং এর পেছনে কারা জড়িত তা শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, কাফনের কাপড় পাঠিয়ে এমন ভীতিকর পরিস্থিতি সৃষ্টির ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ