পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

আরমান হোসাইন, পানছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক উপজেলা সংগঠককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ মার্চ ) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নীতি দত্ত চাকমা (৪৫) সংগঠনটির পানছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি পানছড়ির উত্তর শান্তিপুর এলাকার বর্ণনাতীত চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নীতি দত্ত চাকমা সকালে সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অতর্কিতভাবে অজ্ঞাতনামা একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এই হামলার জন্য প্রসিতপন্থী ইউপিডিএফ-কে সরাসরি দায়ী করেছেন। তবে এই অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ ইউপিডিএফ-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

পাহাড়ি জনপদে এই হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন