মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং গ্রাম আদালতের সমন্বয়কারী অনুপম ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, “১৯৭১ সালের ২৫শে মার্চের গণহত্যা ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম নৃশংস ও বর্বর হত্যাযজ্ঞ। নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনী যে পৈশাচিকতা চালিয়েছিল, তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। শহীদদের রক্তস্নাত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ সম্রাট হোসেন বলেন, “২৫শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় কালরাত্রি। এই দিনটি আমাদের স্বাধীনতার জন্য বাঙালির চরম ত্যাগ ও অদম্য সাহসিকতার কথা স্মরণ করিয়ে দেয়। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের কর্মসূচির বিকল্প নেই।”

বক্তারা বলেন, ২৫শে মার্চের কালরাত্রির স্মৃতি শুধু শোকের নয়, এটি বাঙালির জাগরণেরও প্রতীক। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আজকের দিনের প্রধান অঙ্গীকার। অনুষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতার চেতনা পুনর্জাগরণের প্রত্যয়ে শেষ হয়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন