টাঙ্গাইলে গোরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৭

টাঙ্গাইলে গোরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৭

সুমন ঘোষ, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে গোরস্থানের জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে নাঈম সওদাগর (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত নাঈম রামদেবপুর এলাকার ওসমান সওদাগরের ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামদেবপুর দক্ষিণপাড়া গোরস্থানের জমি নিয়ে সওদাগর ও সিকদার পরিবারের মধ্যে গত তিন মাস ধরে বিরোধ চলছিল। ইতিপূর্বে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এমনকি এই বিরোধের কারণে গত ঈদুল ফিতরে দুই পক্ষ পৃথকভাবে ঈদের নামাজ আদায় করে। গত মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যার ঘটনার জেরে বুধবার সকালে পুনরায় সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে নাঈম সওদাগরের নেতৃত্বে সওদাগর পরিবারের লোকজন দেশীয় অস্ত্রসহ সিকদার পরিবারের হামিদ মণ্ডলের বাড়িতে হামলা চালায়। এ সময় সিকদার পরিবারের লোকজন পাল্টা আক্রমণ করলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। সংঘর্ষে গুরুতর আহত নাঈম সওদাগরকে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

আহতদের মধ্যে সওদাগর পক্ষের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল সওদাগর (২৩) ও বক্কর সওদাগর (২০) এবং সিকদার পক্ষের হবিবর রহমান সিকদার (৪৫), আ. আজিজ সিকদার (৭৬), মামুন সিকদার (৩৫) ও হাফিজুর সিকদারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হবিবর রহমান সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, গোরস্থানের জমি নিয়ে বিরোধে এক কলেজছাত্র নিহতের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন