৪০ যাত্রী নিয়ে নদীতে বাস, ২ ঘণ্টায়ও উদ্ধারকাজ শুরু হয়নি

৪০ যাত্রী নিয়ে নদীতে বাস, ২ ঘণ্টায়ও উদ্ধারকাজ শুরু হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মূলত একটি ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি নদীতে পড়ে যায়। 

বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। সোয়া ৫টার দিকে বাসটি নদীতে পড়ে গেলেও দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাটে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত উদ্ধারকাজ শুরু করেনি। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব দফতরের কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শী, নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ৪০ জনের মতো যাত্রী নিয়ে ছেড়ে আসে বাসটি। পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় এটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছয়-সাত জন সাঁতরে তীরে উঠলেও বাকিরা নিখোঁজ আছেন।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, ৪০ জনের মতো যাত্রী ছিলেন বাসটিতে। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করবে। দৌলতদিয়া ফেরি ঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, বিকাল ৫টার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি ৩ নম্বর ঘাটে আসে। সোয়া ৫টার দিকে ওই ঘাটে ‘হাসনা হেনা’ নামক একটি ইউটিলিটি ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। চোখের সামনে বাসটি তলিয়ে গেলেও উদ্ধার কার্যক্রম শুরু হতে দেরি হওয়ায় উদ্বেগ বাড়ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে উদ্ধার অভিযান শুরুর চেষ্টা চলছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন