ইরান থেকে রহস্যময় উপহার পেলেন ট্রাম্প

ইরান থেকে রহস্যময় উপহার পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আমেরিকাকে একটি অত্যন্ত মূল্যবান ‘উপহার’ দিয়েছে, যা মূলত বিশ্বজুড়ে সংকটে থাকা তেল ও গ্যাস সরবরাহের সাথে সম্পর্কিত। 

বুধবার (২৫ মার্চ ২০২৬) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান।

ট্রাম্প জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলার পর কার্যত বন্ধ থাকা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরান এই বিশেষ ছাড় বা ‘উপহার’ দিয়েছে। তিনি বলেন, “তারা গতকাল আশ্চর্যজনক কিছু একটা করেছে। এটি একটি বিশাল উপহার যার মূল্য অনেক বেশি। আমি আপনাদের বলব না সেটি কী, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাপ্তি।”

যখন তাঁকে জিজ্ঞেস করা হয় এটি হরমুজ প্রণালি সংক্রান্ত কি না, ট্রাম্প ইতিবাচক জবাব দিয়ে বলেন, “এটি পণ্য চলাচল ও প্রণালির সঙ্গে সম্পর্কিত।” উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।

এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন এর আগের দিনই ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ৫ দিনের জন্য স্থগিত করেন। ট্রাম্পের দাবি, তারা ইরানের ‘সঠিক পক্ষগুলোর’ সাথে আলোচনা করছেন এবং বর্তমান ইরানি শাসনব্যবস্থায় পরিবর্তন লক্ষ্য করছেন। তিনি জানান, এই আলোচনা প্রক্রিয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার জড়িত রয়েছেন।

 আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মাধ্যমে প্রচারিত এক বার্তায় ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালি দিয়ে ‘অ-শত্রুভাবাপন্ন জাহাজগুলোর’ নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিচ্ছে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের যুদ্ধবিরতি বা সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে।

এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছেন। গুঞ্জন রয়েছে যে, আলোচনার অগ্রগতির জন্য ট্রাম্পের প্রতিনিধি দল পাকিস্তানে সফর করতে পারেন।

আলোচনার আবহ থাকলেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হার্ডলাইন অবস্থান বজায় রেখেছেন। ট্রাম্পের আহ্বানে পোডিয়ামে এসে তিনি রসিকতা করে বলেন, “আমরা বোমার মাধ্যমে আলোচনা করি,” যা ইঙ্গিত দেয় যে আলোচনা ব্যর্থ হলে সামরিক হামলা অব্যাহত থাকবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন