ইরান আমেরিকাকে ‘বিশাল উপহার’ দিয়েছে: ডোনাল্ড ট্রাম্প

ইরান আমেরিকাকে ‘বিশাল উপহার’ দিয়েছে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আমেরিকাকে ‘বিপুল পরিমাণ অর্থ’ সমমূল্যের একটি ‘উপহার’ দিয়েছে। এটি মূলত হরমুজ প্রণালি সংক্রান্ত, যা গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলার পর থেকে কার্যত বন্ধ আছে এবং যার কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে। মার্কিন এই শীর্ষ নেতা জোর দিয়ে বলেন, এই উপহার ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং ‘তেল ও গ্যাস’ সংক্রান্ত। তবে সুনির্দিষ্টভাবে সেটি কী, তা তিনি খোলসা করেননি।

এই রহস্যময় মন্তব্যটি এমন এক সময়ে এলো যখন এর আগের দিনই ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি পাঁচ দিনের জন্য স্থগিত করেন এবং যুদ্ধ বন্ধের চুক্তির জন্য পুনরায় আলোচনার টেবিলে ফেরার সিদ্ধান্ত নেন। যদিও তেহরান কোনো ধরনের যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা গতকাল আশ্চর্যজনক কিছু একটা করেছে। তারা আমাদের একটি উপহার দিয়েছে এবং সেই উপহারটি আজ এসে পৌঁছেছে। এটি একটি বিশাল উপহার যার মূল্য অনেক বেশি। এনডিটিভি-র তথ্যমতে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তারা সঠিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছেন।

মার্কিন কমান্ডার-ইন-চিফ জানান, সম্ভাব্য যুদ্ধবিরতির লক্ষ্যে দুই দেশ যখন এগোচ্ছে, তখন তেহরানের পাঠানো এই 'উপহার' ছিল তেল ও গ্যাস সংশ্লিষ্ট। যখন তাকে জিজ্ঞেস করা হয় এটি হরমুজ প্রণালি সংক্রান্ত কিনা, ট্রাম্প উত্তরে ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। ট্রাম্পের দাবির কিছুক্ষণ পরেই, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মাধ্যমে প্রচারিত একটি বার্তায় ইরান হরমুজ প্রণালি দিয়ে ‘অ-শত্রুভাবাপন্ন জাহাজগুলোর’ নিরাপদ চলাচলের আশ্বাস দিয়েছে। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে এই আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জ্যারেড কুশনারসহ শীর্ষ কর্মকর্তারা জড়িত রয়েছেন। এদিকে ট্রাম্প কৌতুক করে বলেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখতে চান। হেগসেথ বলেন, ‘আমরা বোমার মাধ্যমে আলোচনা করি।’

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন