ইরানজুড়ে ভয়াবহ বিস্ফোরণ

ইরানজুড়ে ভয়াবহ বিস্ফোরণ

ইরানে বিমান হামলার পর ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানের আকাশ

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির প্রধান শহরগুলোতে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত রাত থেকে শুরু হওয়া এই ভয়াবহ আক্রমণে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। হামলার তীব্রতা এতই বেশি যে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও এই ধ্বংসযজ্ঞের হাত থেকে রেহাই পায়নি।

একটি আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার বিকট শব্দের পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের আবাসিক এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

ভয়াবহ এই পরিস্থিতির বর্ণনা দিয়ে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে। এর মধ্যে অনেক বহুতল ভবন মাটির সঙ্গে মিশে গেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকায় হাসপাতাল, স্কুল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং খোদ রেড ক্রিসেন্টের নিজস্ব কার্যালয়ও রয়েছে।

আহভাজে হাসপাতাল আক্রান্ত হওয়ার ঘটনায় স্থানীয় চিকিৎসা ব্যবস্থায় চরম বিপর্যয় নেমে এসেছে। আহতদের উদ্ধারে ও চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইসফাহান ও কারাজ শহরেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন বার্তা সংস্থা।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, হামলার যে ভয়াবহতা দেখা যাচ্ছে, তাতে নিহতের সংখ্যা ১ হাজার ৫০০ থেকে আরও কয়েক গুণ বাড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। ইরান সরকার এই হামলার পর কী ধরনের পাল্টা ব্যবস্থা নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।

মন্তব্য করুন