ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কিশোরগঞ্জের মিঠামইনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেওয়ারজোড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাশেম গ্রুপ এবং একই গ্রামের বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জেরে সোমবার সকালে লাউ কুড়ার মাঠে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই রণক্ষেত্রে নজির গ্রুপের ২১ জনসহ মোট ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০) নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত আরও পাঁচজনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি ও ইতালির নাগরিকত্ব থাকা কাশেম চেয়ারম্যানের লোকজন ঈদের আগে থেকেই দেশীয় অস্ত্র মজুত করছিলেন। ঈদের নামাজের পর হামলার পরিকল্পনা থাকলেও তা ব্যর্থ হওয়ার পর থেকেই নজির গ্রুপের লোকজনকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে অতর্কিত হামলার মাধ্যমে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী একটি গণমাধ্যমকে বলেন, “ঘটনার খবর পেয়ে কাটখাল পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ