সদরঘাট লঞ্চ দুর্ঘটনা: তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন

সদরঘাট লঞ্চ দুর্ঘটনা: তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন

নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন– ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এস এম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার (সদরঘাট) মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মেহেদী হাসান।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার প্রকৃত কারণ, দায়ী ব্যক্তিদের পরিচয় এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। এদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দফতর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১৮ মার্চ) বিকেলে সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার প্রাথমিক দায়বদ্ধতায় ‘এমভি আসা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চ দুটির রুট পারমিট বাতিল করা হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন