ঈদের নামাজে রাকাত ছুটে গেলে যা করবেন

ঈদের নামাজে রাকাত ছুটে গেলে যা করবেন

নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: বিদায় নিচ্ছে পবিত্র রমজান। শেষ হচ্ছে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। শুরু হচ্ছে ঈদের অপেক্ষায় প্রহর গোনা। শাওয়ালের নতুন চাঁদ উদিত হলেই ঈদুল ফিতর। ঈদের দিনের প্রধান আমল দুই রাকাত ওয়াজিব নামাজ। এই দিনটি শুরু হবে নামাজ আদায়ের মধ্য দিয়ে।

অন্য ফরজ নামাজের মতো ঈদের নামাজেও রাকাত ছুটে যেতে পারে। তখন করণীয় কী? ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করবেন? আগে থেকেই জেনে নিন।

কেউ বিলম্বে এসে ইমামকে প্রথম রাকাতের কেরাতে পেলে প্রথমে তিনি তাকবিরে তাহরিমা এবং অতিরিক্ত তিনটি তাকবির বলে ইমামের অনুসরণ করবেন। (মুসান্নাফে আব্দুর রাযযাক: ৫৭১৪)

দেরিতে এসে কেউ ইমামকে রুকুতে পেলো। তাহলে দাঁড়িয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলে ইমামকে রুকুতে ধরতে পারার সম্ভাবনা থাকলে তাই করবে। কিন্তু দাঁড়িয়ে অতিরিক্ত তাকবির বলে ইমামকে রুকুতে না পাওয়ার আশঙ্কা হলে শুধু তাকবিরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে। রুকুতে গিয়ে হাত না উঠিয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলবে। এরপর সময় থাকলে রুকুর তাসবিহ পড়বে। (আলবাহরুর রায়েক: ১/১৬১)

কেউ দ্বিতীয় রাকাতে এসে ইমামের সাথে শরিক হলো। তাহলে তিনি ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সূরা ফাতেহা ও কেরাত পড়বেন এবং রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৮১৩)

কেউ দ্বিতীয় রাকাতের রুকু বা তাশাহুদের পর জামাতে শরিক হলো। এমন হলে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথমে অতিরিক্ত তাকবিরগুলো বলে এরপর সূরা কেরাত পড়ে রুকু-সিজদা করবেন। এভাবে তার প্রথম রাকাত পূর্ণ হবে। প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে সূরা কেরাত পড়বেন। এরপর অতিরিক্ত তাকবিরগুলো বলে রুকু-সিজদা আদায় করে নামাজ শেষ করবেন। (ফাতাওয়া খানিয়া ১/১৮৫)

ঈদের নামাজের রাকাত ছুটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর। এতে করে ব্যক্তি কষ্ট পান। সারা মাসের ইবাদত কবুল হয়েছে কি না এমন সংশয়েও ভোগেন। তবে ঈদের নামাজের রাকাত ছুটে যাওয়ার সাথে সারা মাসের ইবাদত কবুল হওয়া বা না হওয়ার সম্পর্ক নেই। আল্লাহ তাআলা সকল রোজাদারকে রহমত, মাগফেরাত ও নাজাতের সৌরভে সিক্ত করুন।

লেখক: শিক্ষক, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন