ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসককে (ডিসি) চেয়ারম্যান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করে তার কাগজপত্রসহ ৫ এপ্রিলের মধ্যে শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে। বুধবার (১৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের জেলাধীন ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় ‘কেন্দ্র কমিটি’ নামে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি গঠন করে আগামী ৫ এপ্রিলের মধ্যে কমিটি গঠন সংক্রান্ত কাগজপত্র উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
কেন্দ্র কমিটি গঠনের নিয়মানুযায়ী, কমিটির চেয়ারম্যান হবেন জেলা সদরের জন্য জেলা প্রশাসক এবং উপজেলা ও অন্যান্য স্থানের কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা অফিসার (জেলা সদরের জন্য), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (উপজেলার ক্ষেত্রে) অথবা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (ঢাকা মহানগরীর ক্ষেত্রে)। এছাড়া সরকারি বিদ্যালয়ের একজন ও বেসরকারি বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক সদস্য হতে পারবেন। সরকারি বিদ্যালয় না থাকলে বেসরকারি বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক সদস্য হবেন। কেন্দ্রসচিব এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ড অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানই সাধারণত কেন্দ্রসচিব হবেন। তবে কোনো কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে কেন্দ্র কমিটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে কেন্দ্রের আওতাধীন অন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মধ্য থেকে দক্ষ ও অভিজ্ঞ কাউকে কেন্দ্রসচিব হিসেবে নিযুক্ত করা যাবে। তবে শর্ত থাকে যে, কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান সংশ্লিষ্ট বোর্ডের কোনো কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি কেন্দ্রসচিব হতে পারবেন না।
অন্যদিকে, কেন্দ্র কমিটির চেয়ারম্যান নিজেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন। কোনো অনিবার্য কারণে তিনি এই দায়িত্ব পালন করতে না পারলে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত ভারপ্রাপ্ত অফিসার নিযুক্ত করবেন। এ ধরনের নিযুক্তির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কোনো নিম্নপদস্থ কর্মকর্তার অধীনস্থ না হন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ