ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হলেও বিশ্রামে নেই প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবন থেকেই তিনি রাষ্ট্রের জরুরি নথিপত্র পর্যালোচনা ও প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করছেন। পাশাপাশি সারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও ঈদযাত্রার সার্বিক পরিস্থিতির নিয়মিত খোঁজখবর নিচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবনে অবস্থান করে সরকারি গুরুত্বপূর্ণ কাজগুলো তদারকি করছেন এবং দেশের আইন-শৃঙ্খলাসহ সার্বিক অবস্থার ওপর নজর রাখছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বর্তমানে দেশজুড়ে চলমান ‘খাল খনন’ কর্মসূচিগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচ্ছেন। কাজগুলো নির্ধারিত মানদণ্ড অনুযায়ী এগোচ্ছে কি না, তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে কথা বলছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
এছাড়া, পবিত্র ঈদ উপলক্ষে শহরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের সাথেও যোগাযোগ করছেন প্রধানমন্ত্রী। নগরবাসীকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। যাতায়াত ব্যবস্থায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তি না হয়, সে বিষয়ে তিনি কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে নিয়মিত অফিস করেছেন। সেখানে তিনি ‘ফার্মার্স কার্ড’ বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। ঈদের এই ছুটির সময়েও জনগণের সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর এই নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বি.নি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ